নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইছাখালী এলাকায় অবস্থিত সাজেদা নুর আদর্শ বালিকা মাদরাসায় এক শুভাকাঙ্ক্ষী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ মে) সকালে মাদরাসার হলরুমে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক জাফরুল ইসলাম তালুকদার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া আলমশাহ পাড়া বিশ্ববিদ্যালয় মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মীর জাহাঙ্গীর আলম।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া সরফভাটা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা শওকত হোসেন। উদ্বোধনী বক্তব্য রাখেন মাদরাসার প্রতিষ্ঠাতা সেক্রেটারি ও রাঙ্গামাটি লংগদু মডেল কলেজের অধ্যাপক ড. মোহাম্মদ ঈসা কাদেরী।
মাদরাসার সুপার ক্বারী সেলিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার ইব্রাহিম, YCL গ্রুপের স্বত্বাধিকারী মো. মনির হোসেন, মো. মাসুদ, মাহবুব, মোরশেদ, খোরশেদ আলম, আব্দুল মন্নান (সও.), আব্দুস সবুর, নবাব হোসেন ও মো. শহিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা এবং সুধীজন।
অনুষ্ঠানটি পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়। তিলাওয়াত করেন মো. হাবিবুল্লাহ কাদেরী। পরে এক প্রাণবন্ত পরিবেশে আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়।
সমাবেশে মাদরাসার সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের নৈতিক ও আদর্শিক শিক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য।
মাদরাসার প্রতিষ্ঠাতা সভাপতি হাকিম মাওলানা মরিয়ম বেগম তার বক্তব্যে প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, “আমি আমার ব্যক্তিগত সম্পদ মাদরাসার জন্য দান করেছি এবং ব্যাংকে সঞ্চিত অর্থ দিয়ে শ্রেণিকক্ষ নির্মাণ করেছি।” পাশাপাশি প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
শেষে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।






