নিউজ ডেস্ক: রাঙ্গুনিয়ার পদুয়া কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র ঈদুল আজহার জামাত ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সম্ভাব্য বৃষ্টিপাতের কারণে এবার ঈদের নামাজ খোলা মাঠের পরিবর্তে মসজিদেই আয়োজন করা হয়।
ঈদের জামাতে এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এসময় মসজিদ পরিচালনা কমিটির সভাপতি লায়ন শওকত আলী নুর উপস্থিত মুসল্লিদের ঈদুল আজহার শুভেচ্ছা জানান। তিনি বক্তব্যে এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়ে গুরুত্বারোপ করেন।
পরে দেশের সমৃদ্ধি, শান্তি ও সকলের মঙ্গল কামনায় মিলাদ ও কিয়াম অনুষ্ঠিত হয়। মিলাদ শেষে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া শেষে অনেক মুসল্লিকে পারিবারিক কবরস্থানে গিয়ে স্বজনদের কবর জিয়ারত করতে দেখা যায়।
ঈদের জামাতে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি হিলাল উদ্দিন আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





