নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া রাজারহাট ফুটবল খেলার মাঠে হাজারো দর্শকের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে শত বছরের ঐতিহ্যবাহী বলিখেলা। ৫নং ওয়ার্ড জয়নগর হারুয়ালছড়ি বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতা ঘিরে দুপুর থেকেই মাঠে ভিড় জমাতে থাকেন বিভিন্ন এলাকা থেকে আগত দর্শকরা।
গ্রামীণ ঐতিহ্য সংরক্ষণ, যুবসমাজকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখা এবং সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করতেই এ আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা। দিনব্যাপী অনুষ্ঠিত এই বলিখেলায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ছোট-বড় বলিদের অংশগ্রহণে মোট ২১টি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হয়।
প্রতিটি ম্যাচে বলিদের শক্তি, কৌশল ও সাহসিকতার লড়াই দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে। শেষ পর্যন্ত সকল প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে মাঠ কাঁপিয়ে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেন কুমিল্লার খ্যাতিমান বলি রাশেদ মাল। রানার্স-আপ হন রাঙ্গুনিয়ার হোসেন বলি এবং বিশেষ পুরস্কার লাভ করেন বোয়ালখালীর কাঞ্চন বলি।
পদুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল্লাহ কায়ছার দুলু-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হিলাল উদ্দিন আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন পদুয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. নাছির উদ্দিন, বিএনপি নেতা জাহেদ হোসেন চৌধুরী, মো. হোসেন মাহমুদ, মো. জামাল উদ্দিন, মো. নেজাম উদ্দিন, আজাদ তালুকদার, মো. নওশদ, রেজাউল করিম এবং শাহজাহান সিকদারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খেলা শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। এসময় বক্তারা বলেন, ঐতিহ্যবাহী বলিখেলা কেবল একটি গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা নয়, এটি আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। তরুণ প্রজন্মকে মাদক, অপরাধ ও প্রযুক্তিনির্ভর আসক্তি থেকে দূরে রেখে খেলাধুলা ও সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
দিনব্যাপী প্রাণবন্ত আয়োজন, দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং বলিদের রোমাঞ্চকর লড়াইয়ে পদুয়ার ঐতিহ্যবাহী বলিখেলা পরিণত হয় এক মিলনমেলা ও উৎসবে। স্থানীয়রা এমন আয়োজন নিয়মিত করার আহ্বান জানান।





