আজকের রাঙ্গুনিয়া নিউজ | রাঙ্গুনিয়া প্রতিনিধি
চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়ার শান্তিরহাট এলাকায় আবারও সড়ক দুর্ঘটনা ঘটেছে। বেপরোয়া গতির একটি টমটমের ধাক্কায় রুবেল নামে এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৭ আগস্ট) রাত ১০টার দিকে শান্তিরহাট বাজারের পরিষদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত রুবেল শান্তিরহাট ওয়াশা সংলগ্ন একটি মোটরসাইকেল বিক্রয় প্রতিষ্ঠানে চাকরি করেন। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
যেভাবে ঘটল দুর্ঘটনা
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে মোটরসাইকেলযোগে শান্তিরহাট থেকে বুড়ির দোকান এলাকার নিজ বাড়িতে ফিরছিলেন রুবেল। শান্তিরহাট বাজারের পরিষদ সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি টমটম হঠাৎ সামনে ঘুরিয়ে দেওয়ার সময় মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
টমটমের ধাক্কায় রুবেল সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
কাপ্তাই সড়কে বাড়ছে দুর্ঘটনা, ঝুঁকিতে লাখো মানুষ
চট্টগ্রাম-কাপ্তাই সড়কে একের পর এক দুর্ঘটনা ঘটলেও সড়ক নিরাপত্তায় কার্যকর পদক্ষেপের অভাব রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। বিশেষ করে ফিটনেসবিহীন ও নাম্বারবিহীন যানবাহনের অবাধ চলাচল, অদক্ষ চালক এবং বেপরোয়া গতির কারণে সড়কটি দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।
রাস্তার মাথা থেকে কাপ্তাই পর্যন্ত বিস্তৃত এ গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে প্রতিদিন চট্টগ্রাম মহানগরীসহ হাটহাজারী, রাউজান, রাঙ্গুনিয়া ও কাপ্তাই উপজেলার লাখ লাখ মানুষ চলাচল করেন। অথচ সড়কটি প্রতিষ্ঠার প্রায় ৬৫-৭০ বছর পার হলেও বর্তমান জনসংখ্যা ও যানবাহনের চাপের তুলনায় এর প্রশস্ততা এখনও অপ্রতুল।
স্থানীয়দের অভিযোগ, একদিকে বাড়ছে মানুষের সংখ্যা ও যানবাহনের চাপ, অন্যদিকে বাড়ছে ফিটনেসবিহীন যানবাহন ও অদক্ষ চালকের সংখ্যা। কিন্তু সে অনুযায়ী সড়কের অবকাঠামোগত উন্নয়ন হয়নি।
শুধু প্রশস্ত নয়, প্রয়োজন নিরাপদ সড়ক
সচেতন মহলের মতে, সড়কের দুই পাশে চার ফুট করে প্রশস্ত করলেই দুর্ঘটনা কমবে না। পথচারীদের নিরাপদ চলাচলের জন্য পর্যাপ্ত ফুটপাত, ড্রেনেজ ব্যবস্থা ও প্রয়োজনীয় সড়ক নিরাপত্তা অবকাঠামো নিশ্চিত করতে হবে।
বিশেষ করে সড়কের বিভিন্ন স্থানে খালের জায়গা থাকলেও পর্যাপ্ত ফুটপাত না থাকায় পথচারীদের মূল সড়ক দিয়েই চলাচল করতে হয়। ফলে যানবাহনের পাশাপাশি পথচারীরাও প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকিতে থাকেন।
তাই চট্টগ্রাম-কাপ্তাই সড়ককে শুধু দুই পাশে কিছুটা প্রশস্ত নয়, পরিকল্পিতভাবে চার লেনে উন্নীত করার পাশাপাশি পর্যাপ্ত ফুটপাত ও নিরাপদ যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা।
একই সঙ্গে ফিটনেসবিহীন ও নাম্বারবিহীন যানবাহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান, লাইসেন্সবিহীন ও অদক্ষ চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং বেপরোয়া গতির যানবাহন নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে।
সচেতন মহলের ভাষ্য, কাপ্তাই সড়ককে নিরাপদ করতে এখনই কার্যকর ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ নিতে হবে। অন্যথায় গুরুত্বপূর্ণ এই সড়কে দুর্ঘটনা ও প্রাণহানির মিছিল থামানো কঠিন হয়ে পড়বে।





