নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল মাদ্রাসাতুল আজিজিয়া কাছেমুল উলুম কোদালা মাদ্রাসার ৯৪তম বার্ষিক সভা সম্পন্ন হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) দুই দিনব্যাপী এ ধর্মীয় সভার সমাপ্তি ঘটে। এতে রাঙ্গুনিয়াসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লির সমাগম ঘটে। সভা সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মাদ্রাসার সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘আবনায়ে কোদালা ওলামা সংস্থা’।
সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার পরিচালক মাওলানা মুফতি আবদুল কাদের। এতে ধর্মীয় আলোচনা করেন ব্রাহ্মণবাড়িয়ার প্রখ্যাত আলেম মাওলানা মুফতি ছিবগতুল্লাহ নূরী, ফটিকছড়ির ঐতিহ্যবাহী বায়তুল হুদার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা ইমদাদুল্লাহ নানপুরী, দারুল হিদায়া চট্টগ্রামের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুফতি আজিজুল হক আল মাদানী, জামিয়াতুন নূর আল-আলামিয়্যাহ বাংলাদেশের প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা ওবায়দুল্লাহ হামজা এবং আল-মাদ্রাসাতুল আজিজিয়া কাসেমুল উলুম দোহাজারীর নায়েবে মুহতামিম মাওলানা আব্দুল্লাহ আল মারুফসহ বিশিষ্ট আলেম-ওলামারা।
সভা সফল করতে আবনায়ে কোদালা ওলামা সংস্থার সহযোগিতা
মাদ্রাসার ৯৪তম বার্ষিক সভা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা প্রদান করে সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘আবনায়ে কোদালা ওলামা সংস্থা’। সংগঠনটির পক্ষ থেকে মাদ্রাসায় আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি মুসল্লিদের আপ্যায়নের জন্য একটি মহিষ উপহার দেওয়া হয়। সভার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নেও সংগঠনের সদস্যরা নিরলসভাবে দায়িত্ব পালন করেন।
সংগঠনটির প্রধান উপদেষ্টা হাফেজ মাওলানা হোসাইন, সভাপতি মাওলানা মুহাম্মদ সালাহউদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মনছুর, অর্থ সম্পাদক হাফেজ মাসুম ও ত্রাণ সম্পাদক মাওলানা এমরান এ কার্যক্রমে দায়িত্ব পালন করেন। এ ছাড়া সিনিয়র সদস্য মুফতি মুহাম্মদ আইয়ুব, হাফেজ ইয়াকুব, হাফেজ কাউসার, হাফেজ ইউসুফ, হাফেজ ফায়সাল ও আদনান হোসেন রাফীসহ সংগঠনের অন্যান্য সদস্য সভা সফল করতে সহযোগিতা করেন।
সভাকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ
বার্ষিক সভাকে কেন্দ্র করে কোদালা এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। দূরদূরান্ত থেকে আগত মুসল্লি ও দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা। সভাস্থলের আশপাশে বিভিন্ন পণ্যের দোকান বসে। শিশুদের বিনোদনের জন্য ছিল নাগরদোলাসহ নানা ধরনের রাইড। ধর্মীয় আয়োজনের পাশাপাশি এসব দোকান ও বিনোদনকেন্দ্র ঘিরেও মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ করা যায়।
সভাকে ঘিরে কোদালার ঘরে ঘরে আত্মীয়স্বজনের আগমন ঘটে। এমনকি প্রবাসে থাকা অনেকেই এ আয়োজন উপলক্ষে দেশে আসেন বলে স্থানীয়ভাবে জানা গেছে। ফলে ধর্মীয় আয়োজনের পাশাপাশি এটি পরিণত হয় আত্মীয়স্বজন ও পরিচিতজনদের মিলনমেলায়।
দুই দিনব্যাপী সভার শেষ পর্বে মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও সমৃদ্ধি এবং সমগ্র মানবজাতির কল্যাণ কামনায় আখেরি মোনাজাত করা হয়। এর মধ্য দিয়ে শেষ হয় কোদালা মাদ্রাসার ৯৪তম বার্ষিক সভা।





