নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার বড় মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার (৩১ অক্টোবর) আয়োজিত এ সভায় বিভিন্ন মাদরাসার পরিচালক, বিশিষ্ট আলেম-ওলামা ও ইসলামি বক্তাগণ উপস্থিত ছিলেন। সভায় বিভিন্ন ইসলামি বক্তা গুরুত্বপূর্ণ ধর্মীয় আলোচনা ও নসীহত পেশ করেন। তাঁদের আলোচনায় পবিত্র কুরআন-সুন্নাহর শিক্ষা, দ্বীনি শিক্ষার গুরুত্ব এবং ইসলামী আদর্শে জীবন গঠনের বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করা হয়।
সভায় আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের অধীনে অনুষ্ঠিত কেন্দ্রীয় পরীক্ষায় জামাতে হাশতুমে মারকাজ (বৃত্তি) অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন—মো. জুবায়ের (জামাতে হাশতুম) ও মো. মোকাররম (জামাতে নাহুম)।
এছাড়া রাঙ্গুনিয়া থানা শাখার অধীনে অনুষ্ঠিত হিফজুল কুরআন প্রতিযোগিতায় উত্তীর্ণ শিক্ষার্থী আতাউল্লাহ বিন মাও ওবাইদুল্লাহ এবং মো. মোহজাদ বিন শাহ আলমকে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ১৪৪৮ হিজরি সনে পবিত্র কুরআনুল কারিম হিফজ সম্পন্নকারী চার শিক্ষার্থীকে পাগড়ি প্রদান। পাগড়িপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন—মো. আতাউল্লাহ, মো. আবির, মো. ইমরান ও মো. ইয়াছিন।
শিক্ষার্থীদের পাগড়ি পরিয়ে দেন চন্দ্রঘোনা আলজামিয়া ইউনুছিয়া মাদরাসার মুহতামিম মাওলানা নেজাম উদ্দিন ও মাওলানা আনাছ মাদানী।
বক্তারা তাঁদের আলোচনায় দ্বীনি শিক্ষার প্রসার, কুরআন-হাদিসের আলোকে জীবন পরিচালনা এবং আদর্শবান ও নৈতিকতাসম্পন্ন প্রজন্ম গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা শিক্ষার্থীদের অর্জিত জ্ঞানকে ব্যক্তি, সমাজ ও মানবকল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান।
বার্ষিক সভাকে কেন্দ্র করে মাদরাসা এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। দূরদূরান্ত থেকে আগত মুসল্লি ও দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা। সভাস্থলের আশপাশে বিভিন্ন পণ্যের দোকান বসে। ধর্মীয় আয়োজনের পাশাপাশি এসব দোকান ঘিরেও মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ করা যায়।
অনুষ্ঠান শেষে মাদরাসার সহকারী পরিচালক মাওলানা সাইফুল ইসলাম সভায় উপস্থিত অতিথি,আলেম-ওলামা, অভিভাবক, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি বার্ষিক সভার আয়োজন সফল ও সুন্দরভাবে সম্পন্ন করতে যাঁরা সহযোগিতা করেছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ জানান। তিনি মাদরাসার দ্বীনি শিক্ষা কার্যক্রমের অগ্রগতি ও সফলতার জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।




