নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়ন শাখার উদ্যোগে পবিত্র ঈদুল আজহা পরবর্তী ঈদ পুনর্মিলনী ও সহযোগী সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
১১ ই জুন (বুধবার) সকাল ৯ ঘটিকা থেকে পোমরা ইউনিয়ন পরিষদের গণ মিলনায়তনে পোমরা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি অধ্যাপক মুহাম্মদ জসিম উদ্দিন এর সভাপতিত্বে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পোমরা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি আমজাদ হোসেন ফরহাদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী রাঙ্গুনিয়া উপজেলার আমীর মাওলানা মুহাম্মদ হাছান মুরাদ। তিনি তার বক্তব্যে বলেন, ❝মহান আল্লাহর সার্বভৌমত্ব অর্থাৎ আল্লাহ সকল ক্ষমতার মালিক এই বিশ্বাস সাংগঠনিক গঠনতন্ত্রে থাকার কারণে তখনকার আদালত বাংলাদেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক দেখিয়ে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করেছিল। কিন্তু জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ নিবন্ধনের জন্য কুফরের সাথে আপোষ করেন নাই। প্রয়োজনে কিয়ামতের আগ পর্যন্ত নিবন্ধন ছাড়াই রাজনীতি করবে বলে ঘোষনা দেন❞
প্রধান আলোচকের বক্তব্যে বাংলাদেশ জামায়াত ইসলামী রাঙ্গুনিয়া উপজেলার নায়েবে আমির মাওলানা শওকত হোসেন বলেন, ❝ইসলাম শব্দের প্রধান এবং প্রথম অর্থ হলো আত্মসমর্পণ করা। যারা মহান আল্লাহ এবং তার রাসুল (দরুদ) সকল নির্দেশনার কাছে নিজেকে সমর্পণ করে দেয়, তারাই হলো মুসলিম অর্থাৎ আত্মসমর্পণকারী। সুতরাং আমাদেরকে মানুষের তৈরি সমস্ত মতবাদ-মতাদর্শ ছেড়ে আল্লাহর দেয়া বিধান রাসুল এবং সাহাবিদের পদ্ধতিতে বাস্তবায়নের কাজে নেমে পড়তে হবে। তিনি পবিত্র কুরআনের বরাত দিয়ে বলেন, আমাদের ভোট পেয়ে নেতা হয়ে যে লোক ভালো কাজ করবে তার সাওয়াবের কিছু অংশ যেমন আমরা পাবো, তেমনি আমাদের ভোট পেয়ে নেতা হয়ে যে লোক দূর্নীতি করবে তার পাপের কিছু অংশও আমাদের উপর বর্তাবে। যার পরিণাম আমাদেরকে ভোগ করতে হবে।❞
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পোমরা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সহ সভাপতি এডভোকেট রেজাউল করিম, সহ-সভাপতি অধ্যাপক এসএম গোফরানসহ উপজেলা ও ইউনিয়ন জামায়াতে ইসলামীর অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন, মাওলানা মুহাম্মদ মইন উদ্দীন। ইসলামী সঙ্গীত পরিবেশন করেন, ইসলামী ছাত্রশিবির পোমরা ইউনিয়ন শাখার কর্মী আব্দুল্লাহ মুহাম্মদ শাকের।






