নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের জান মোহাম্মদ পাড়া এলাকায় জায়গা ও চলাচলের সড়কের উপর দেয়াল নির্মাণে দীর্ঘদিনের বিরোধের অবসান হয়েছে উপজেলা প্রশাসনের মধ্যস্থতায়।
রোববার (১০ মে) উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে উপজেলা প্রশাসনের উপস্থিতিতে দুই পক্ষের বিরোধ মীমাংসা করে সড়ক চলাচলের জন্য খুলে দেয়া হয়।
জানা যায়, জায়গা ও সড়কে দেয়াল নির্মাণ কেন্দ্র করে কয়েকদিন আগে এক পক্ষ অন্য পক্ষের নারী ও শিশুর উপর হামলার ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন। ঘটনাটি নিয়ে থানায় অভিযোগ ও মামলাও হয়। পরে স্থানীয় সংসদ সদস্যের নির্দেশনায় স্থানীয় চেয়ারম্যান, ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে উপজেলা প্রশাসন বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নেয়।
স্থানীয় ইউপি সদস্য নুরুল আবছার জানান, সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি), প্রশাসনের কর্মকর্তারা, স্থানীয় চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় প্রায় দুই থেকে তিনশ মানুষ সেখানে উপস্থিত ছিলেন। জায়গা পরিমাপের জন্য একজন সরকারি সার্ভেয়ারসহ মোট পাঁচজন সার্ভেয়ার দায়িত্ব পালন করেন।
তিনি আরও জানান, পরিমাপে দেখা যায় বাদী ওমর ফারুকের দুটি ঘর এবং এম আলম জীবনের সামনের সীমানা দেয়াল আংশিক ভাঙতে হতো। তবে উভয় পক্ষের ক্ষতি কমিয়ে আনতে স্থানীয়দের পরামর্শে অন্য অংশ থেকে জায়গা সমন্বয়ের মাধ্যমে সমাধানে পৌঁছানো হয়। এতে চলাচলের রাস্তা সকলের জন্য উম্মুক্ত করা হয়।
পরে এলাকাবাসী দুই পক্ষের মধ্যে সমযোতা করে দেয় এবং ক্ষয়ক্ষতির বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয় বলে তিনি নিশ্চিত করেন।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ বলেন, “সকাল থেকে ঘটনাস্থলে উপস্থিত থেকে বিকেলের দিকে দীর্ঘদিনের বিরোধের সমাধান করা হয়েছে। পূর্বে উভয় পক্ষ সমাধান মানতে রাজি না হলেও জনস্বার্থ বিবেচনায় উপজেলা প্রশাসনের উপস্থিতিতে পরিমাপের মাধ্যমে সমাধান করা হয়। যার যতটুকু ছাড় দেওয়ার প্রয়োজন ছিল, তা দিয়েছে। চলাচলের রাস্তা ও বিরোধপূর্ণ দুটি স্থান সকলের জন্য অবমুক্ত করা হয়।






