নিউজ ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যয়নরত রাঙ্গুনিয়া উপজেলার শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘রাঙ্গুনিয়া স্টুডেন্টস্ ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’-এর ২০২৬-২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি (আংশিক) গঠন করা হয়েছে।
বুধবার (১০ জুন) সংগঠনের সম্মানিত উপদেষ্টামণ্ডলী, সাবেক নেতৃবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীদের সর্বসম্মতিক্রমে আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আব্দুল্লাহ ওয়াহিদ তালুকদার সভাপতি এবং ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরিফ বিন আমিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, নতুন নেতৃত্ব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রাঙ্গুনিয়ার শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করতে কাজ করবে। পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন একাডেমিক, সামাজিক, সাংস্কৃতিক ও কল্যাণমূলক কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালন করবে।
তারা আরও বলেন, রাঙ্গুনিয়া উপজেলা থেকে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের অংশগ্রহণ বৃদ্ধি, শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং শিক্ষাবান্ধব বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে নবনির্বাচিত কমিটি কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশাবাদী।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের সকল সদস্য, উপদেষ্টা ও শুভানুধ্যায়ীদের সহযোগিতা কামনা করেছেন এবং রাঙ্গুনিয়ার শিক্ষার্থীদের কল্যাণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।





