নিউজ ডেস্ক: চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের নাপিতপুকুরিয়া ব্রিজঘাট এলাকায় টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের তীব্র স্রোতে রাবার ড্যামের বেড়িবাঁধ ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। গত ১১ জুলাই ভোর আনুমানিক ৪টার দিকে বেড়িবাঁধ ভেঙে পাহাড়ি ঢলের পানি আশপাশের এলাকায় প্রবেশ করলে বসতভিটা, গবাদিপশু ও বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়।
ক্ষতিগ্রস্ত আব্দুল মান্নান জানান, পাহাড়ি ঢলের প্রবল স্রোতে তার বসতভিটা সম্পূর্ণ তলিয়ে যায়। এতে বসতঘর, গরু-ছাগল, হাঁস-মুরগি, ঘরের আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল পানিতে তলিয়ে যায় এবং কিছু ভেসে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তিনি দাবি করেন, এ ঘটনায় তার প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয়দের ভাষ্য, প্রতিবছর বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলের চাপে নাপিতপুকুরিয়া ব্রিজঘাট এলাকার রাবার ড্যামের বেড়িবাঁধ ঝুঁকির মুখে পড়ে। দীর্ঘদিন ধরে স্থায়ী সংস্কারের দাবি জানানো হলেও কার্যকর উদ্যোগ না থাকায় এবার ভয়াবহ ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দ্রুত পুনর্বাসন এবং বেড়িবাঁধটি স্থায়ীভাবে সংস্কারের দাবি জানান।
এদিকে ক্ষয়ক্ষতির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের দুর্ভোগের খোঁজখবর নেন এবং রাবার ড্যামের ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ দ্রুত সংস্কারের ব্যবস্থা নেয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার আশ্বাস দেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এবং সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা। তারা ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করে প্রয়োজনীয় সরকারি সহায়তা প্রদান এবং বেড়িবাঁধ সংস্কারে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
এলাকাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত স্থায়ীভাবে রাবার ড্যামের বেড়িবাঁধ সংস্কারের উদ্যোগ নেবে। তা না হলে প্রতি বর্ষা মৌসুমেই নাপিতপুকুরিয়া ব্রিজঘাট এলাকার মানুষকে একই ধরনের দুর্ভোগ ও ক্ষয়ক্ষতির মুখোমুখি হতে হবে।





