নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নে স্কুল থেকে ফেরার পথে ওয়াসিফা জান্নাত তাসকিন (৭) নামে এক শিশু কন্যাকে সিএনজি অটোরিকশাযোগে অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুটির পরিবার চরম উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে এবং সন্তানকে দ্রুত ফিরে পেতে প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করেছে।
পরিবার সূত্রে জানা যায়, ওয়াসিফা জান্নাত তাসকিন প্রতিদিনের মতো স্কুল শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়। পরিবারের দাবি, অজ্ঞাত ব্যক্তিরা তাকে একটি সিএনজি অটোরিকশায় তুলে নিয়ে যায়। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
শিশুটির বাবা-মা কান্নাজড়িত কণ্ঠে সমাজের সর্বস্তরের মানুষের কাছে অনুরোধ জানিয়েছেন, কেউ যদি শিশুটির কোনো খোঁজ বা তথ্য পেয়ে থাকেন, তাহলে যেন দ্রুত নিকটস্থ থানায় অথবা পরিবারের সঙ্গে যোগাযোগ করেন।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। বিষয়টি জানার পর আইনশৃঙ্খলা বাহিনী শিশুটিকে উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানা গেছে।
শিশুটির পরিবারের একটাই আকুতি—“আমাদের মেয়েটিকে নিরাপদে ফিরিয়ে দিন।”





