নিউজ ডেস্ক:চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রবিন (১৬) নামে এক স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাঙ্গুনিয়া থানা সদরের সৈয়দবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রবিন উপজেলার শিলক ইউনিয়নের বড়ুয়া পাড়ার বাসিন্দা।
জানা গেছে, রবিন সম্প্রতি শিলক হাই স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। একটি বিষয়ে অকৃতকার্য হওয়ায় পুনরায় ওই বিষয়ে পরীক্ষায় অংশ নেওয়ার জন্য সে বিদ্যালয়ে ভর্তি হয় এবং নিয়মিত শ্রেণি কার্যক্রমে অংশ নিচ্ছিল।
পড়াশোনার পাশাপাশি রবিন থানা সদরের একটি গ্যারেজে কাজ করত। মঙ্গলবার কাজের ফাঁকে পাশের একটি পুকুরে গোসল করতে নামলে অসাবধানতাবশত পা পিছলে পানিতে ডুবে যায় সে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রবিনের আকস্মিক মৃত্যুর খবরে পরিবার, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।





