নিউজ ডেস্ক, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম): শুভ প্রবারণা পূর্ণিমা ও দানোত্তম কঠিন চীবর দান উপলক্ষে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিরা।
শনিবার (২৪ অক্টোবর ২০২৬) প্রবারণা ও কঠিন চীবর দান উদযাপন পরিষদ, রাঙ্গুনিয়া-২০২৬-এর পক্ষ থেকে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় আসন্ন প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান অনুষ্ঠান শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়। বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় উৎসব নির্বিঘ্নে উদযাপনে প্রয়োজনীয় পুলিশি সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
উল্লেখ্য, প্রবারণা পূর্ণিমা ও দানোত্তম কঠিন চীবর দান বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। এ উপলক্ষে রাঙ্গুনিয়ার বিভিন্ন বৌদ্ধবিহারে ধর্মীয় অনুষ্ঠান ও কঠিন চীবর দানের আয়োজন করা হয়ে থাকে।





