রাঙ্গুনিয়ায় পিকআপ ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বছর বয়সী এক শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় একই পরিবারের আরও তিন সদস্য আহত হয়েছেন ।
শনিবার (৭ মে) বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ফুলবাগিছা গাবতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম নাজমা আক্তার। সে একই ইউনিয়নের খন্ডলিয়া পাড়া এলাকার প্রবাসী দিদার আলমের মেয়ে।
জানা যায়, তারা রাণীরহাট এলাকার এক স্বজনের বাড়ি বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে সিএনজি অটোরিকশা যোগে বাড়ি ফিরছিলেন তারা। ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি সাদা রঙ্গের পিকআপের সাথে তাদের গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। পিকআপটি তাদের গাড়িটিকে ছাপা দিয়ে অনেক দূর পর্যন্ত গড়িয়ে নিয়ে যায় এবং এক পর্যায়ে রাণীরহাটের দিকে পালিয়ে যায়। এতে গাড়িতে থাকা তার শিশুকন্যা নাজমা, তার মা, ভাইয়ের বউ ও তার মেজ সন্তান(১০) গুরুতর আহত হয়। নাজমা পথেই মারা যান এবং বাকীরা বর্তমানে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।






