
নিউজ ডেস্ক :চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ২০২৪-২৫ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেজিলিয়েন্স এন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ জুন) সকালে উপজেলার পৌর অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার মো. নাসির উদ্দিন চৌধুরী।

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মুহাম্মদ রাশেদ সরকারের সঞ্চালনায় মুখ্য আলোচক ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা কৃষি অফিসার ইমরুল কায়েস, বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মার্জানা হোসাইন ও উপজেলা প্রাণী সম্পদ অফিসার শারমিন আক্তার।

বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল থেকে গেফ (Gap) উত্তম কৃষি চর্চা মাধ্যমে যে সকল ফসল যেমন আম, পেয়ারা, কলা, লাউ, আলু, বাঁধাকপি, ফুলকপি, পেঁপে, বেগুন, ঝাড়া লেবু, শসা ইত্যাদি বিদেশি রপ্তানির জন্য সার্টিফিকেট প্রদান করে থাকে। সে সকল সবজি ও ফল পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসে উপস্থাপনা করা হয়। এছাড়াও গবেষণায় কৃষকদের বেশিভাগ ক্যান্সারে আক্রান্ত হচ্ছে সেজন্য অনুষ্ঠানে কৃষকরা জমিতে বালাই নাশক ওষুধ স্প্রে করবেন তার ডেমো উপস্থাপন করা হয়।

এতে সরকারি কর্মকর্তা, পার্টনার ফিল্ড স্কুলের ৭০ জন কৃষক-কৃষাণী,সাংবাদিক এবং মাঠ পর্যায়ের উপ সহকারী কৃষি কর্মকর্তারা অংশ নেন।

পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠানে বক্তারা আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, পুষ্টিকর খাদ্য উৎপাদন এবং জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে কৃষকদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।






