নিউজ ডেস্ক: দক্ষিণ রাঙ্গুনিয়া পদুয়া ডিগ্রি কলেজের দুই গুণী শিক্ষক— ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান শেখ মোঃ মোজাহেরুল হক এবং জীববিজ্ঞান বিভাগের প্রদর্শক বাবু অনুপম তালুকদারের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

গত বুধবার (৬ মে ২০২৬) কলেজ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষকমণ্ডলী ও অভিভাবকদের উপস্থিতিতে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানের শুরুতে সংবর্ধিত অতিথিদের কলেজ গেইট থেকে ফুলের পাপড়ি ছিটিয়ে বরণ করে নেওয়া হয়। দর্শন বিভাগের সহকারী অধ্যাপক জেরিন আফরোজের সঞ্চালনায় অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হয় আমন্ত্রিত অতিথি, প্রাক্তন শিক্ষকবৃন্দ ও বর্তমান শিক্ষকমণ্ডলীর আসন গ্রহণের মাধ্যমে। পরে সংবর্ধিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন কাজী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সম্মানিত সভাপতি লায়ন মুহাম্মদ শওকত আলী নূর। অনুষ্ঠানের শুরুতে কলেজের শিক্ষার্থীরা পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করেন এবং উদ্বোধনী সংগীত পরিবেশন করেন।
স্বাগত বক্তব্য দেন সাহিত্য ও সংস্কৃতি কমিটির আহ্বায়ক অধ্যাপক বিকাশ নন্দী। এরপর গভর্নিং বডি, শিক্ষক পরিষদ, কর্মচারী কল্যাণ পরিষদ এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে সংবর্ধিত অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদান করেন। এছাড়া বক্তব্য রাখেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক খাজা বাহাউদ্দিন, পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শ্যামল কান্তি বড়ুয়া, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মিসেস চিনু ছন্দা দে, পালি বিভাগের সাবেক সহকারী অধ্যাপক রত্না রাণী বড়ুয়া, ইংরেজি বিভাগের সাবেক সহকারী অধ্যাপক ধনপতি দে, গণিত বিভাগের সাবেক সহকারী অধ্যাপক লুৎফুল কিবরীয়া, হিতৈষী সদস্য মোহাম্মদ রাসেল হোসেন, অভিভাবক প্রতিনিধি মোঃ আবুল কাশেম, প্রতিষ্ঠাতা প্রতিনিধি স্মৃতি কুমার চৌধুরী এবং বাংলাদেশ মহিলা সমিতি স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আরিফুল ইসলাম চৌধুরী সোহেল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অনুপম বড়ুয়ার কন্যা মিস সিথী তালুকদার। সংবর্ধিত অতিথি বাবু অনুপম তালুকদার ও শেখ মোঃ মোজাহেরুল হক তাঁদের দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করে কলেজ পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব শওকত আলী নূর অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবদানের ভূয়সী প্রশংসা করে বলেন, “একজন শিক্ষক কখনো অবসর নেন না, তিনি তাঁর জ্ঞান ও আদর্শের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে আজীবন বেঁচে থাকেন।”
পরে কলেজ, শিক্ষক পরিষদ, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে সংবর্ধিত অতিথিদের উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। সবশেষে অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন কাজী সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘোষণা করেন।







