নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এতে ৫ জনকে উদ্ধার করা হলেও কনিকা দাশ (১৯) নামে এক নববধূ এখনো নিখোঁজ রয়েছেন।
বুধবার (২৭ মে) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার কোদালা জেলে পাড়া থেকে চন্দ্রঘোনা মিনার পাড়ায় কর্ণফুলী নদী পার হওয়ার পথে আকস্মিক কালবৈশাখী ঝড়ে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঝড়ের তীব্রতায় নদীর মাঝপথে নৌকাটি ডুবে যায়। পরে স্থানীয় লোকজন উদ্ধার অভিযান চালিয়ে রাজ ঘোষ (২), অনিশ ঘোষ (৬), পলি দাশ (২৫) ও রুপন ঘোষসহ মোট ৫ জনকে উদ্ধার করেন। গুরুতর অসুস্থ অবস্থায় তাদের চন্দ্রঘোনা মিশন হাসপাতাল এ নেওয়া হলে দুই বছরের শিশু রাজ ঘোষকে হাসপাতালে ভর্তি রাখা হয়। হাসপাতাল সূত্র জানিয়েছে, তার অবস্থা আশঙ্কাজনক। অন্যদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।
এদিকে, নৌকাডুবির ঘটনায় নববধূ কনিকা দাশ এখনো নিখোঁজ রয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত স্থানীয় লোকজন ও স্বজনরা নদীতে তাকে খোঁজার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
ঘটনাটি এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি করেছে।





