নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের জয়নগর ধলিয়ার মুখ এলাকায় পদুয়া হরিহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস মাস্টারের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আব্দুল কুদ্দুছ মাষ্টারসহ পরিবারের সদস্যরা আহত হয়েছেন এবং এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১টা ৩৫ মিনিটের দিকে ১৫-১৬ সদস্যের একটি সংঘবদ্ধ ডাকাত দল আব্দুল কুদ্দুস মাস্টারের বাড়িতে হানা দেয়। দেশীয় অস্ত্রে সজ্জিত ডাকাতরা পরিবারের সদস্যদের জিম্মি করে ঘরে থাকা মূল্যবান মালামাল লুট করে নেয়।
ডাকাতদের বাধা দিতে গেলে প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস মাস্টারকে বেধড়ক মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। এসময় তাঁর স্ত্রী ও সন্তানদের দেশীয় অস্ত্র ও গুলির ভয় দেখিয়ে আতঙ্কের মধ্যে রাখা হয় বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী পরিবারের দাবি, ডাকাত দল বাড়ি থেকে আনুমানিক ৮ ভরি স্বর্ণালংকার ও প্রায় ৪০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে।
ঘটনার পর স্থানীয় জনতা ধাওয়া করে ডাকাত দলের একজন সদস্যকে আটক করতে সক্ষম হয়। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। তবে ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যায় বলে জানা গেছে।
শনিবার দুপুরে চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরীর নির্দেশে স্থানীয় যুবদল নেতা জহির উদ্দিন বাবর ও নুরুল হুদা আমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তারা ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এদিকে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন আহমেদ জানান, ভুক্তভোগী বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসা শেষে তিনি থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন। অভিযোগ পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, কিছুদিন আগে একই এলাকায় সংঘবদ্ধ ধর্ষণের একটি ঘটনা ঘটেছিল। এর রেশ কাটতে না কাটতেই সংঘটিত এ ডাকাতির ঘটনায় এলাকাবাসীর মধ্যে নিরাপত্তাহীনতা আরও বেড়েছে। তারা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।





