নিউজ ডেস্ক: ধর্মান্তরের পর নিখোঁজ হওয়া এক নও মুসলিম কলেজছাত্রীকে দুই মাস পর রাঙামাটির চন্দ্রঘোনা থানাধীন বাঙ্গালহালিয়া এলাকার একটি ঋষি আশ্রম থেকে উদ্ধার করেছে পুলিশ। আদালতের সার্চ ওয়ারেন্ট এবং সংশ্লিষ্ট থানার রিকুইজিশনের ভিত্তিতে বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বান্দরবানের আলীকদম উপজেলার সদর হিন্দুপাড়া এলাকার তন্নী দে ঋপন্না (২১) ইসলাম ধর্ম গ্রহণের পর ‘আয়েশা সিদ্দিকা জারা’ নাম গ্রহণ করেন। ধর্মান্তরের পর তাকে পরিবারের সদস্যরা নিয়ে গেছেন এবং পরবর্তীতে তার অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যাচ্ছিল না বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাকের আহমেদ জানান, তরুণীর বাড়ি কক্সবাজার জেলার ঈদগাঁও থানা এলাকায় বলে তথ্য পাওয়া গেছে। অভিযোগের প্রেক্ষিতে কক্সবাজার আদালত ঈদগাঁও থানা পুলিশের অনুকূলে একটি সার্চ ওয়ারেন্ট জারি করেন। ওই সার্চ ওয়ারেন্ট এবং ঈদগাঁও থানা পুলিশের রিকুইজিশনের ভিত্তিতে চন্দ্রঘোনা থানা পুলিশ বাঙ্গালহালিয়া ঋষি আশ্রমে অভিযান পরিচালনা করে তাকে উদ্ধার করে।
উদ্ধার হওয়া তরুণী দাবি করেন, তিনি গত ১ মার্চ স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। অন্যদিকে তার মা জানান, ধর্মীয় দীক্ষা গ্রহণের উদ্দেশ্যে পরিবারের সদস্যরাই তাকে বাঙ্গালহালিয়ার ঋষি আশ্রমে নিয়ে এসেছিলেন।
এ বিষয়ে আশ্রমের এক ঋষি সাধু বলেন, “মেয়েটি প্রায় দুই মাস ধরে আশ্রমে অবস্থান করছিল। সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে—এ বিষয়টি আমার জানা ছিল না। তার মা-বাবাই তাকে এখানে নিয়ে এসেছিলেন।”
তরুণীকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য ঈদগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তরের উদ্দেশ্যে চন্দ্রঘোনা থানায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে ওসি মো. সাকের আহমেদের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বর্তমানে তরুণীর বক্তব্য, পরিবারের দাবি, আদালতের নির্দেশনা এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্য যাচাই করে বিষয়টির তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।





