নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাঙ্গুনিয়ার পদুয়া ইউনিয়নের পশ্চিম খুরুশিয়া এলাকায় দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে নিজ উদ্যোগে রাস্তা নির্মাণের কাজ শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা।

বিএনপি নেতা মোঃ মাহবুব আলম, আবুল হাসেম, প্রনব দে, উনু মারমা, সুমন দে, উঠাইচিং মারমাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নেতৃত্বে এবং এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকার সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে থাকায় প্রায় শতাধিক পরিবার চরম দুর্ভোগের শিকার হচ্ছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে কাদামাটি ও জলাবদ্ধতার কারণে শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, অসুস্থ রোগী এবং সাধারণ পথচারীদের চলাচল অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়ে।
এ অবস্থায় সরকারি সহায়তার অপেক্ষায় না থেকে এলাকার সচেতন নাগরিক ও সাধারণ মানুষ স্বেচ্ছাশ্রম ও অর্থায়নের মাধ্যমে রাস্তা নির্মাণ ও সংস্কারের কাজ শুরু করেন। এতে এলাকার নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করছেন।
এলাকাবাসী জানান, এটি শুধুমাত্র সাময়িকভাবে চলাচলের উপযোগী করার উদ্যোগ। তারা সংশ্লিষ্ট প্রশাসন ও জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সরকারি বরাদ্দের মাধ্যমে রাস্তাটি স্থায়ীভাবে সংস্কার ও উন্নয়নের দাবি জানিয়েছেন।
স্থানীয়দের ভাষ্য, “আমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী রাস্তার কাজ শুরু করেছি। কিন্তু শতাধিক পরিবারের যাতায়াতের জন্য একটি টেকসই ও মানসম্মত সড়ক নির্মাণ জরুরি। তাই সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের জোর দাবি, রাস্তাটি দ্রুত সংস্কার করে স্থায়ী সমাধানের ব্যবস্থা করা হোক।”
এলাকাবাসীর এই ব্যতিক্রমী উদ্যোগ ইতোমধ্যে স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। জনদুর্ভোগ নিরসনে সম্মিলিত প্রচেষ্টার এ দৃষ্টান্ত এলাকাবাসীর ঐক্য ও সামাজিক দায়িত্ববোধের উজ্জ্বল উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।








