নিউজ ডেস্ক: টানা ভারী বর্ষণে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের বনগ্রাম সড়ক প্রায় চার ফুট পানির নিচে তলিয়ে গেছে। এতে এলাকার প্রায় ৩০ হাজার মানুষ পানিবন্দি হয়ে চরম দুর্ভোগে পড়েছেন। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হতে পারছেন না। বের হলেও কোমরসমান পানি পেরিয়ে গন্তব্যে যেতে হচ্ছে।
সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন রোগী, শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ। সড়ক ডুবে যাওয়ায় যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে পড়েছে। ফলে জরুরি চিকিৎসাসেবা গ্রহণ, শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত এবং নিত্যপ্রয়োজনীয় কাজকর্ম ব্যাহত হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সড়কের পাশের পানি নিষ্কাশনের নালা দখল করে প্রভাবশালী ব্যক্তিরা বহুতল ভবন নির্মাণ করায় স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়েছে। এর ফলে সামান্য বৃষ্টিতেই সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হলেও এবার টানা বর্ষণে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে।
দীর্ঘদিনের এই সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। তারা চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরীর জরুরি হস্তক্ষেপ কামনা করে অবৈধ দখল উচ্ছেদ, পানি নিষ্কাশনের ব্যবস্থা উন্নয়ন এবং বনগ্রাম সড়কে মানুষের স্বাভাবিক চলাচল নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।






