নিউজ ডেস্ক: টানা ভারী বৃষ্টিপাতের কারণে রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যা, পাহাড়ি ঢল ও ভূমিধসের ঝুঁকি বেড়ে যাওয়ায় রাঙ্গুনিয়াবাসীর প্রতি জরুরি সতর্কবার্তা দিয়েছেন রাঙ্গুনিয়ার সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী।
তিনি বলেন, অতি প্রয়োজন ছাড়া কেউ যেন ঘরের বাইরে বের না হন। বিশেষ করে পাহাড় ও ঝুঁকিপূর্ণ ঢালু এলাকার আশপাশে অবস্থান থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
এমপি হুমাম কাদের চৌধুরী শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের নিরাপদ স্থানে রাখার পাশাপাশি স্থানীয় প্রশাসন এবং আবহাওয়া অধিদপ্তরের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানান।
তিনি আরও বলেন, যেসব এলাকায় পাহাড়ধসের আশঙ্কা রয়েছে, সেসব এলাকার বাসিন্দারা যেন নিকটস্থ সরকারি প্রাথমিক বিদ্যালয় বা উচ্চ বিদ্যালয়ে নিরাপদ আশ্রয় গ্রহণ করেন।
সতর্কবার্তায় তিনি বলেন, “আপনার সামান্য সতর্কতাই রক্ষা করতে পারে একটি মূল্যবান জীবন।” তাই সবাইকে সচেতন ও সতর্ক থাকার পাশাপাশি একে অপরের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
শেষে এমপি হুমাম কাদের চৌধুরী মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলেন, “আল্লাহ তাআলা রাঙ্গুনিয়াসহ দেশের সকল মানুষকে সব ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে হেফাজত করুন।”







