নিউজ ডেস্ক: রাঙ্গুনিয়া উপজেলার পশ্চিম খুরুশিয়া এলাকায় টানা অতিরিক্ত ভারী বর্ষণের কারণে একাধিক পরিবারের বসতঘর ভেঙে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। অব্যাহত বৃষ্টিপাতে দুর্বল হয়ে পড়া ঘরগুলো হঠাৎ করে ধসে পড়লে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চরম দুর্ভোগে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন নিপু দে, অপু দে, জুয়েল দে, সনজিত দে, মাধব দে, সম্ভু দে, জীবন দে, সুভাষ দে, তপন দে, টিপু দে, রুপন দে ও শিল্পী দে। এছাড়াও একই এলাকায় আরও কয়েকটি পরিবারের ঘরবাড়ি আংশিক ও সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ায় অনেক পরিবার খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। ক্ষতিগ্রস্তরা দ্রুত সরকারি ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতা এবং প্রয়োজনীয় ত্রাণ সহায়তার দাবি জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, টানা ভারী বর্ষণ অব্যাহত থাকলে আরও ঘরবাড়ি ধসে পড়ার আশঙ্কা রয়েছে। তাই ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী পরিবারগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া এবং ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।





