নিউজ ডেস্ক:চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের সুখবিলাস তিলকপাড়া এলাকায় টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের প্রবল স্রোতে শিলক খাল সংলগ্ন চলাচলের সড়কের দুই পাশের সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে এলাকার শতাধিক পরিবারের যাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।
স্থানীয়রা জানান, পাহাড়ি ঢলের কারণে সড়কের একটি বড় অংশ ভেঙে পানিতে তলিয়ে গেছে। ফলে এলাকাবাসীকে জীবনের ঝুঁকি নিয়ে বিকল্প পথে চলাচল করতে হচ্ছে। দ্রুত সংস্কার না করা হলে বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন তারা।
এলাকার বাসিন্দা সুধীর কান্তি দের ছেলে সুমন কান্তি দে বলেন,
“শিলক খালের পাহাড়ি ঢলে আমার ২৮ শতক জমিতে লাগানো প্রায় ২৫০টি একাশি গাছ, জমি এবং চলাচলের রাস্তা পানিতে তলিয়ে গেছে। এতে আমার প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমরা জমি ও গাছ হারিয়েছি, সেগুলোর ক্ষতিপূরণও প্রয়োজন। তবে সবচেয়ে জরুরি বিষয় হলো এই রাস্তা দিয়ে তিলকপাড়ার শতাধিক পরিবারের মানুষ চলাচল করেন। প্রায় ৪০০ ফুট রাস্তা দ্রুত সংস্কার করা না হলে স্কুলপড়ুয়া শিক্ষার্থীসহ সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে।”
এদিকে, ক্ষতিগ্রস্ত এলাকাটি পরিদর্শন করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী। তাদের মতে, অবিলম্বে সড়কটি সংস্কার করা না হলে যোগাযোগ ব্যবস্থা দীর্ঘ সময়ের জন্য অচল হয়ে পড়বে এবং বর্ষার কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বৃদ্ধি পাবে।





