নিউজ ডেস্ক: চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়া উপজেলার ১০নং পদুয়া ইউনিয়নের দুধপুকুরিয়া ব্রিজঘাটা এলাকায় বাথরুমের পানি চলাচলকে কেন্দ্র করে সংঘটিত বিরোধে নিহত মো. ওবাইদুলের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও সহমর্মিতা জানাতে গত ১৪ জুলাই বিকেলে তাদের বাড়ি পরিদর্শন করেন গাউছিয়া কমিটি বাংলাদেশ, পদুয়া ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ।
এ সময় সংগঠনের পক্ষ থেকে নিহত ওবাইদুলের রেখে যাওয়া দুই শিশুর হাতে নগদ মানবিক সহায়তা তুলে দেওয়া হয়। পাশাপাশি পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়ে তাদের খোঁজখবর নেন এবং এই কঠিন সময়ে পাশে থাকার আশ্বাস প্রদান করেন নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশ, ১০নং পদুয়া ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ আবুল কালাম তালুকদার, সাধারণ সম্পাদক মাওলানা বদিউল আলম জিহাদী, সাবেক সভাপতি মাওলানা আব্দুল হালিম আল কাদেরী, সহ-সভাপতি আনোয়ার ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় গাউছিয়া কমিটি বাংলাদেশ পদুয়া ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ বলেন, মো. ওবাইদুল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল আসামিকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তারা এই নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
নেতৃবৃন্দ আরও বলেন, সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং অপরাধ দমনে এ ধরনের ঘটনার দ্রুত বিচার অত্যন্ত জরুরি। একই সঙ্গে তারা নিহতের পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন এবং ভবিষ্যতেও মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখার অঙ্গীকার করেন।





