নিজস্ব ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়ন থেকে অপহৃত সাত বছর বয়সী স্কুলছাত্রী ওয়াসিফা জান্নাত তাসকিনকে উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। প্রাথমিক তদন্তে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। অপহরণের ঘটনায় পারিবারিক প্রতিহিংসার বিষয়টি সামনে এসেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
অনুসন্ধানে জানা গেছে, শিশুটির পিতা দেলোয়ার হোসেনের মামাতো ভাই ফয়সালের বাসা থেকে ওয়াসিফাকে উদ্ধার করা হয়। অভিযোগ রয়েছে, ফয়সালই শিশুটিকে পরিকল্পিতভাবে নিজের বাসায় লুকিয়ে রেখেছিল।
আরও জানা যায়, ঘটনাটি ধামাচাপা দিতে ফয়সাল নিজেই ওয়াসিফার নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বিগ্নের ভান করে শিশুটির বাবা দেলোয়ার হোসেনের সঙ্গে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। এমনকি থানায় যাওয়া এবং সম্ভাব্য বিভিন্ন জায়গায় শিশুটিকে খুঁজে বেড়ানোর নাটকও করেন, যাতে তার প্রতি কোনো সন্দেহ সৃষ্টি না হয়।
তবে ডিবি পুলিশের নিবিড় তদন্তে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটিত হয় এবং সরফভাটার ওই বাসা থেকে শিশুটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। অপহরণের পেছনে পারিবারিক বিরোধ ও প্রতিহিংসার বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।





