নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা এলাকা থেকে অপহৃত সাত বছর বয়সী শিশু ওয়াসিফা জান্নাত তাসকিনকে সুস্থ অবস্থায় ফিরে পাওয়ার পর স্বস্তি ও আনন্দে ভাসছে তার পরিবার। কয়েক ঘণ্টার উৎকণ্ঠা, কান্না আর অনিশ্চয়তার অবসান ঘটিয়ে আদরের সন্তানকে বুকে জড়িয়ে ধরে আবেগাপ্লুত হয়ে পড়েন মা-বাবা।
শিশুটির পিতা-মাতা বলেন, “আমরা কখনো ভাবিনি এত দ্রুত আমাদের মেয়েকে ফিরে পাব। আল্লাহর অশেষ রহমত, প্রশাসনের আন্তরিক প্রচেষ্টা এবং সবার দোয়ার কারণেই আজ আমাদের সন্তানকে সুস্থ অবস্থায় ফিরে পেয়েছি।”
তারা উদ্ধার অভিযানে নেতৃত্ব দেওয়া চট্টগ্রাম জেলা পুলিশ, রাঙ্গুনিয়া থানা পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং অভিযানে অংশ নেওয়া সকল কর্মকর্তা ও সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে অপহরণের সংবাদ দ্রুত প্রচার করে জনসচেতনতা সৃষ্টি এবং উদ্ধার কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় স্থানীয় ও জাতীয় গণমাধ্যমকর্মীদের প্রতিও ধন্যবাদ জানান।
শিশুটির পরিবারের ভাষায়, “আমাদের এই দুঃসময়ে প্রশাসন যেভাবে পাশে দাঁড়িয়েছে, তা কোনোদিন ভুলব না। গণমাধ্যমের ভাইয়েরাও আমাদের কষ্টকে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। সবার সহযোগিতায় আজ আমাদের ঘরে আবার হাসি ফিরেছে।”
পরিবারটি দেশবাসীর কাছে দোয়া কামনা করে জানায়, তারা চান অপহরণসহ এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হোক, যাতে ভবিষ্যতে আর কোনো পরিবারকে এমন বিভীষিকাময় পরিস্থিতির মুখোমুখি হতে না হয়।
উল্লেখ্য, সরফভাটা এলাকা থেকে অপহৃত হওয়ার পর চাঞ্চল্য সৃষ্টি হলে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত অভিযান পরিচালনা করে ওয়াসিফা জান্নাত তাসকিনকে সুস্থ অবস্থায় উদ্ধার করে। এ ঘটনায় অপহরণ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার এবং অপহরণে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।







