নিউজ ডেস্ক: চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪ পিস ইয়াবা ও ৬ পুরিয়া গাঁজাসহ তিন মাদকসেবীকে গ্রেপ্তার করেছে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হয়।
শুক্রবার (২১ আগস্ট) রাতে দক্ষিণ রাঙ্গুনিয়া থানাধীন সরফভাটা ও শিলক এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, পিপিএমের সার্বিক দিক-নির্দেশনায় এবং দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হিলাল উদ্দীন আহমেদের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে এসআই (নিঃ) মোঃ শাহিন মিয়া, এএসআই (নিঃ) মোঃ ইসমাইল হোসেনসহ সঙ্গীয় ফোর্স অংশ নেয়।
পুলিশের তথ্যমতে, সরফভাটা এলাকায় অভিযান চালিয়ে মোঃ শোয়াইব (২৪) নামে এক যুবককে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। শোয়াইব সরফভাটা এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে।
অন্যদিকে, শিলক এলাকায় পৃথক অভিযানে আলাল উদ্দিন (৪০) ও সজল দে (৪৮) নামে আরও দুজনকে আটক করা হয়। আলাল উদ্দিনের কাছ থেকে ৩ পুরিয়া এবং সজল দের কাছ থেকে ৩ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।
আলাল উদ্দিন নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার রামবাড়ি এলাকার মৃত হযরত আলীর ছেলে। তিনি শিলক এলাকায় রাজমিস্ত্রির কাজ করেন। অপর আটক সজল দে দক্ষিণ রাঙ্গুনিয়ার ধোপাঘাট এলাকার মৃত ক্ষেত্র দের ছেলে।
পুলিশ জানায়, আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে সাজা প্রদান করা হয়। পরে পুলিশ স্কটের মাধ্যমে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





