নিউজ ডেস্ক:: রাঙামাটির রাজস্থলী উপজেলায় শ্মশানের পাশে পাওয়া নবজাতক কন্যা শিশুটির বৈধ অভিভাবক না থাকায় তার সর্বোত্তম স্বার্থ নিশ্চিত করতে সরকারিভাবে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে শিশুটির জন্য আইনানুগভাবে বিকল্প পরিচর্যাকারী নিয়োগ দেওয়া হবে।
জানা গেছে, শিশুটিকে পরিবার ও সমাজ জীবনে নিরাপদভাবে অন্তর্ভুক্ত করার উদ্দেশ্যে শিশু আইন ২০২৩ এর ধারা ৮৪ (৩) উপধারা (২) এবং ধারা ৮৯ (খ) অনুযায়ী সুবিধাবঞ্চিত ও অভিভাবকহীন শিশু হিসেবে বিবেচনা করে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এ বিষয়ে রবিবার (১৯ এপ্রিল) রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগ্রহী ব্যক্তিদের মধ্য থেকে যোগ্যতা যাচাই সাপেক্ষে শিশুটির জন্য উপযুক্ত বিকল্প পরিচর্যাকারী নির্বাচন করা হবে।

আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
১. আগ্রহী দম্পতির পূর্ণাঙ্গ ছবি
২. ভোটার আইডি কার্ডের ফটোকপি
৩. জীবনবৃত্তান্ত ও স্বচ্ছলতার প্রত্যয়নপত্র
আবেদন জমা দেওয়ার স্থান:
উপজেলা সমাজসেবা কার্যালয়, রাজস্থলী, রাঙামাটি পার্বত্য জেলা।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, শিশুটির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে যোগ্য ও দায়িত্বশীল দম্পতিদের কাছ থেকে আবেদন আহ্বান করা হচ্ছে।








