নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের মীরেরখীল এলাকার ওমান প্রবাসী ওমর ফারুক হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে বোয়ালখালী থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামির নাম লিয়াকত আলী (৩৫)। তিনি জঙ্গল সরফভাটা এলাকার মাতব্বর বাড়ির শামসুল আলমের ছেলে। নিহত ওমর ফারুকের বাড়িও একই এলাকায়।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (৭ জুন) রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় দক্ষিণ রাঙ্গুনিয়া এলাকায় অভিযান পরিচালনা করে লিয়াকত আলীকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তিমূলক বক্তব্য দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান জানান, গ্রেফতারকৃত লিয়াকত আলী হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা এবং হত্যার পেছনের কারণ কী ছিল তা তদন্ত করে দেখা হচ্ছে। জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত শনিবার (৬ জুন) সকাল প্রায় ১১টার দিকে বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা পাহাড় এলাকার অরিহুরার চরের একটি লিচু বাগান থেকে হাত-পা বাঁধা অবস্থায় অর্ধগলিত একটি মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে নিহতের স্বজন ও স্থানীয়দের মাধ্যমে মরদেহটির পরিচয় শনাক্ত করা হয়। নিহত ব্যক্তি রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের মীরেরখীল এলাকার ওমান প্রবাসী ওমর ফারুক বলে নিশ্চিত হয় পুলিশ।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যার প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।





