নিউজ ডেস্ক:রাঙ্গুনিয়ার পদুয়া এলাকায় সংঘটিত আলোচিত সংঘবদ্ধ ধর্ষণ মামলার আরও এক আসামিকে গ্রেফতার করেছে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ। র্যাবের সহযোগিতায় পরিচালিত অভিযানে চট্টগ্রামের বাকলিয়া থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি সাইফুল (২৭)। তিনি রাঙ্গামাটি জেলার চন্দ্রঘোনা থানার বাঙ্গালহালিয়া ডাকঘরাধীন ধলিয়া মুসলিম পাড়া এলাকার বাসিন্দা। তার পিতার নাম মো. ছাবের।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ জুন রাত সাড়ে ৯টার দিকে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশের একটি দল র্যাবের সহযোগিতায় বাকলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সম্প্রতি পদুয়া এলাকায় সংঘটিত সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে তাকে আটক করা হয়।
দীর্ঘ অনুসন্ধান ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর আইনশৃঙ্খলা বাহিনী এ অভিযান পরিচালনা করে। গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এদিকে, মামলার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।





