নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের সার্বজনীন শ্রী শ্রী লোকেশ্বর লোকনাথ মন্দিরের বার্ষিক সম্মেলন ও নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে।
মন্দিরের উপদেষ্টা বাবু পরিমল দে-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে মন্দিরের সার্বিক কার্যক্রম, উন্নয়ন পরিকল্পনা এবং ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পরে সর্বসম্মতিক্রমে আগামী তিন বছরের জন্য নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে বাবু জগদীশ দত্ত সভাপতি, জুয়েল চৌধুরী সাধারণ সম্পাদক, উজ্জ্বল বিশ্বাস অর্থ সম্পাদক, অভি দাশ গুপ্ত সাংগঠনিক সম্পাদক এবং রানা বিশ্বাস প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
সম্মেলনে বক্তব্য প্রদান করেন উপদেষ্টা ও প্রধান শিক্ষক মনোতোষ শীল, উপদেষ্টা, কৃতি শিক্ষাবিদ ও সমাজসেবক অঞ্জন দাশ, বাবুল দাশ গুপ্ত, চন্দন বড়ুয়া, নেপাল সরকার এবং রতন বিশ্বাস। বক্তারা মন্দিরের ধর্মীয় কার্যক্রম আরও গতিশীল করা, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং নতুন প্রজন্মকে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা নবনির্বাচিত কমিটির সদস্যদের আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং মন্দিরের সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
সম্মেলন শেষে নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। উপস্থিত উপদেষ্টা, সুধীজন, ভক্তবৃন্দ ও এলাকাবাসী নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন এবং আগামী দিনে মন্দিরের উন্নয়ন, ধর্মীয় ঐতিহ্য সংরক্ষণ ও সনাতন ধর্মাবলম্বীদের কল্যাণে সফলভাবে দায়িত্ব পালনের জন্য শুভকামনা জানান।







