নিউজ ডেস্ক: রাঙ্গুনিয়া পৌরসভার সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে পৌর অডিটোরিয়ামের সামনে এবং কাপ্তাই সড়কের পাশে নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন ‘I ❤️ RANGUNIA’ ভাস্কর্য। আধুনিক নকশায় নির্মিত এ স্থাপনাটি ইতোমধ্যে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের নজর কেড়েছে। বিশেষ করে রাতের বেলায় লাল-সাদা আলোকসজ্জায় ভাস্কর্যটির সৌন্দর্য আরও ফুটে ওঠে। ডানা মেলা দুটি সাদা পায়রার প্রতীকী নকশা শান্তি, সম্প্রীতি ও ভালোবাসার বার্তা বহন করছে।
রাঙ্গুনিয়া পৌরসভার প্রকৌশলী মো. জমির উদ্দিন বলেন, “কাপ্তাই সড়ক দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ যাতায়াত করেন। তাদের মনে শান্তি ও সম্প্রীতির বার্তা পৌঁছে দেওয়া এবং পৌরসভাকে আরও শৈল্পিক ও আকর্ষণীয় করে তুলতেই এই ভাস্কর্যটি নির্মাণ করা হয়েছে।”
পৌর প্রশাসক দেবব্রত দাশ বলেন, “এই দৃষ্টিনন্দন স্থাপনাটি রাঙ্গুনিয়াবাসীর ঐক্য, ভালোবাসা ও সম্প্রীতির প্রতীক। পৌরসভাকে আরও আধুনিক, নান্দনিক ও বাসযোগ্য হিসেবে গড়ে তুলতে আমাদের এ ধরনের উন্নয়ন ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
স্থানীয় বাসিন্দারা জানান, ভাস্কর্যটি নির্মাণের ফলে পৌর এলাকার সৌন্দর্য অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এটি এখন দর্শনার্থীদের জন্য একটি আকর্ষণীয় স্থান হয়ে উঠেছে। অনেকেই এখানে এসে ছবি তুলছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে রাঙ্গুনিয়ার সৌন্দর্য তুলে ধরছেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, এমন নান্দনিক উদ্যোগ শুধু পৌর এলাকার সৌন্দর্যই বৃদ্ধি করবে না, বরং রাঙ্গুনিয়ার ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।





