নিউজ ডেস্ক : চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়ার কর্ণফুলী নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে দু’জনকে দেড়লক্ষ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২৭জুন) দুপুরে বেতাগী সৌদিয়া ডাবল গেইট কর্ণফুলী নদীর মাঝে অভিযান চালিয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামরুল হাসান অর্থদণ্ড প্রদান করেন। অভিযানে সহযোগিতা করেন রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ।
দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. দিদার আলম (৪৫), পিতা মো. ইদ্রিছ, গ্রাম পশ্চিম সরফভাটা, মোহাম্মদ আলী আকবর গাজী (৫৫), পিতা ওসমান গাজী, ভোলা জেলা।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, বেতাগী সৌদিয়া ডাবল গেইট কর্ণফুলী নদীর মাঝে ইজারার বহির্ভূত স্থান হতে অবৈধ ভাবে বালু তোলা হচ্ছে। বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ (১) ধারা দু’জনকে আটক করে। এসময় ভ্রাম্যমান আদালত দিদার আলমকে এক লক্ষ টাকা ও আলী আকবর গাজীকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে এ ধরনের বেআইনি কাজ করবে না মর্মে মুচলেকা দেয় তারা।
রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান বলেন, অবৈধ বালু তোলা বন্ধে প্রশাসন তৎপর রয়েছে।






