নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর বাস্তবায়নে পদুয়া রাজারহাট-কমলাছড়ি খুরুশিয়া আবদুল হামিদ সড়ক এবং পেকুয়া সড়কের ওপর নির্মিত আরসিসি গার্ডার সেতুর উদ্বোধন করেছেন রাঙ্গুনিয়ার সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে সাবেক চেয়ারম্যান নাছির উদ্দিন সেলিমের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। এসময় নেম ফলক উন্মোচন ও মোনাজাতের মাধ্যমে সেতুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে হুমাম কাদের চৌধুরী বলেন, কাপ্তাই সড়ককে চার লেনে উন্নীত করা এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা। তিনি জানান, প্রকল্পটি চলতি বাজেটে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে এবং অপ্রয়োজনীয় আনুষ্ঠানিকতা ছাড়াই দ্রুত কাজ শুরু করা হবে।

তিনি আরও বলেন, “এলজিইডির মাধ্যমে গ্রামীণ সড়ক, সেতু ও কালভার্ট উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হলে এলাকার মানুষের জীবনমান উন্নত হবে। উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠলে শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক পরিবর্তন আসবে।”
এদিন “ঘূর্ণিঝড় আম্পান ও বন্যায় ক্ষতিগ্রস্ত পল্লী সড়ক অবকাঠামো পুনর্বাসন” প্রকল্পের আওতায় পেকুয়া সড়কের ৩৯ মিটার দীর্ঘ একটি আরসিসি গার্ডার সেতুর উদ্বোধন করা হয়।
উদ্বোধনের শুরুতে যাওয়ার পথে খুরুশিয়া পূর্ব-পশ্চিম দ্বারিকোপ ৪, ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের সংযোগ সড়কের একটি সেতু পরিদর্শন করেন সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী এবং শিগগিরই এর নির্মাণ কাজ শুরু করার আশ্বাস দেন।
অনুষ্ঠানে বিএনপি নেতা জলিল মেম্বার ও মাহবুব আলমের যৌথ সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক লায়ন শওকত আলী নুর।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলা প্রকৌশলী মো. রেজাউল করিম, প্রকৌশলী অপু দাশ, নুরুল ইসলাম মেম্বার ও আবুল বশর।
অনুষ্ঠানে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেন স্থানীয় নেতৃবৃন্দরা।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবু শামা, বদি আলম, বাঁচা (সওঃ), মো. হোসেন মাহমুদ, রাসেল হোসেন, নাসির উদ্দিন রক্সি, আনোয়ারুল ইসলাম, মো. জামাল উদ্দিন, আবু মুছা, জামাল, জাহেদ চৌধুরী, নঈম উদ্দিন, আবুল কাশেম, কামাল উদ্দিন ও উথাই ফ্রু মারমাসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী।
সেতুটি চালু হওয়ায় পদুয়া, রাজারহাট, কমলাছড়ি ও খুরুশিয়া এলাকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হয়েছে। স্থানীয়দের মতে, বর্ষা মৌসুমে এ সড়কে চলাচল ছিল অত্যন্ত কষ্টসাধ্য। নতুন সেতু চালু হওয়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে এবং কৃষি ও ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়বে।
উদ্বোধন শেষে অতিথিরা সেতুটি পরিদর্শন করেন এবং এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন।







