নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার উত্তর পদুয়া মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার পরিচালনা পরিষদের সভাপতি মনোনীত হয়েছেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, বিশিষ্ট সমাজসেবক লায়ন আলহাজ্ব মুহাম্মদ শওকত আলী নূর।
বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকার এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে সভাপতি করে মাদ্রাসাটির চার সদস্যবিশিষ্ট এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল ও আলিম স্তরের বেসরকারি মাদ্রাসার গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা, ২০২৫-এর সংশ্লিষ্ট বিধান অনুসারে এ কমিটি অনুমোদন দেওয়া হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, পত্র ইস্যুর তারিখ থেকে পরবর্তী ছয় মাসের জন্য এ কমিটি দায়িত্ব পালন করবে।
অনুমোদিত কমিটির অন্য সদস্যরা হলেন—মাদ্রাসার সুপার বা ভারপ্রাপ্ত সুপার (সদস্য সচিব), মো. শাহ আলম তেওয়ারী (সাধারণ শিক্ষক সদস্য) এবং মো. দিদারুল আলম (অভিভাবক সদস্য)।
লায়ন আলহাজ্ব শওকত আলী নূর সভাপতি মনোনীত হওয়ায় তাঁকে বিভিন্ন মহল থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
শুভাকাঙ্ক্ষীরা আশা প্রকাশ করেন, তাঁর অভিজ্ঞতা, নেতৃত্ব ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে মাদ্রাসাটির শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং সার্বিক অগ্রগতি আরও ত্বরান্বিত হবে।
তাঁর নতুন দায়িত্বের সফলতা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়েছে।





