নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কালবৈশাখী ঝড়ে সড়কের ওপর গাছ উপড়ে পড়ে কাপ্তাই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে প্রায় তিন ঘণ্টা সড়কটিতে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকে, ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলের দিকে ঝড়ের তাণ্ডবে রাঙ্গুনিয়ার সত্যপীর মাজার সংলগ্ন কালভার্ট এলাকায় একটি বড় গাছ সড়কের ওপর ভেঙে পড়ে। ফলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গাছটি কেটে অপসারণ করেন। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় যানবাহন চলাচল শুরু হয়।
স্থানীয়রা জানান, হঠাৎ ঝড়ে গাছ উপড়ে পড়ায় তারা আতঙ্কিত হয়ে পড়েন এবং জরুরি সেবা দ্রুত পৌঁছানোর কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।






