নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা থানার পুলিশের বিশেষ অভিযানে ১৮ লিটার চোলাই মদসহ দুই নারী মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। শনিবার (৯ মে) দুপুর ১টা ৪৫ মিনিটে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের কাজীপাড়া সিএনজি স্ট্যান্ড মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন চট্টগ্রাম মহানগরের খুলশী আমবাগান এলাকার খাদিজা আক্তার এবং বাগেরহাট জেলার সদর উপজেলার জয়গাছি গ্রামের তানিয়া আক্তার।
চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম সাকের জানান, উপ-পরিদর্শক (এসআই) আক্তার হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় দুই নারীর হাতে থাকা একটি কালো ব্যাগ তল্লাশি করে ১৮ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। পরে তাদেরকে আটক করা হয়।
তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে চন্দ্রঘোনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রবিবার সকালে তাদেরকে রাঙামাটি আদালতে পাঠানো হবে।








