নিউজ ডেস্ক : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নে কালবৈশাখী ঝড় ও ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত এক অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী।
গত ২৭ মে আঘাত হানা কালবৈশাখী ঝড় ও ঘূর্ণিঝড়ে পদুয়া ইউনিয়নের দিনমজুর ও কৃষক মিলন দে’র বসতঘরের চাল উড়ে যায়। এতে পরিবারটি চরম দুর্ভোগে পড়ে এবং খোলা আকাশের নিচে দিন কাটাতে বাধ্য হয়। স্থানীয় সূত্রে জানা যায়, ঝড়ে ঘরটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং এটি বসবাসের অনুপযোগী হয়ে পড়ে।
এর দুই দিন পর, গত ২৯ মে পদুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের লালু মিয়া বাপের বাড়ি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১০টি পরিবারের খোঁজখবর নিতে ঘটনাস্থল পরিদর্শনে যান সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী। এ সময় তিনি মিলন দে’র ঝড়ে ক্ষতিগ্রস্ত ঘরটিও পরিদর্শন করেন এবং পরিবারের দুরবস্থার কথা শুনে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
প্রতিশ্রুতির ধারাবাহিকতায় এমপি হুমাম কাদের চৌধুরীর পক্ষ থেকে স্থানীয় যুবদল নেতা বাবর আলম তালুকদারের মাধ্যমে মিলন দে’র পরিবারের জন্য নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি ভবিষ্যতে সরকারি ব্যবস্থাপনায় ঘর নির্মাণে সহযোগিতা করা হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।
স্থানীয় যুবদল নেতা বাবর আলম তালুকদার বলেন, “ঝড়ে ক্ষতিগ্রস্ত মিলন দে’র পরিবারের দুরবস্থার কথা জানার পর এমপি হুমাম কাদের চৌধুরী তাৎক্ষণিকভাবে মানবিক সহায়তার উদ্যোগ নেন। তাঁর নির্দেশনায় নগদ আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। তিনি ভবিষ্যতে সরকারি সহায়তায় একটি নতুন ঘর নির্মাণের বিষয়েও আশ্বাস দিয়েছেন। আমি সমাজের বিত্তবান ব্যক্তি, ব্যবসায়ী ও বিএনপির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাই, তারা যেন এই অসহায় পরিবারের পাশে দাঁড়ান এবং মানবিক সহযোগিতার হাত বাড়িয়ে দেন।”
সহায়তা পেয়ে মিলন দে ও তাঁর পরিবারের সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, দুর্যোগের এই কঠিন সময়ে পাওয়া এই সহায়তা তাদের কিছুটা হলেও স্বস্তি দিয়েছে এবং নতুন করে ঘুরে দাঁড়ানোর সাহস জুগিয়েছে।
স্থানীয়রা জানান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে জনপ্রতিনিধি ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসা প্রয়োজন। মিলন দে’র পরিবারের মতো অসহায় মানুষের জন্য এমন মানবিক উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।






