নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ৬ জুন শনিবার বিকেলে পদুয়া এলাকার নুরে মনির কনভেনশন হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পদুয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও বিএনপি নেতা নুরুল ইসলাম মেম্বার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক লায়ন শওকত আলী নুর।
সভায় বক্তারা সাম্প্রতিক সময়ে এলাকায় সংঘটিত বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড, চুরি, ডাকাতি, কিশোর অপরাধসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। বিশেষ করে সম্প্রতি পদুয়া ইউনিয়নের হরিহর এলাকায় অবস্থিত প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস মাষ্টারের বাড়িতে সংঘটিত ডাকাতির ঘটনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা এ ধরনের ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান।
আলোচনা সভায় এলাকার নিরাপত্তা জোরদার, অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সকলকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
এসময় সম্প্রতি পদুয়ায় ঘটে যাওয়া কিশোরী ধর্ষণের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পাশাপাশি সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১০টি পরিবারের জন্য মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেওয়ারও সিদ্ধান্ত হয়। সভায় নেতৃবৃন্দ বলেন, সমাজের যেকোনো দুর্যোগ ও সংকটময় সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো সকলের নৈতিক দায়িত্ব।
সভায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। উপস্থিত নেতৃবৃন্দ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ দমনে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।





