নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ–৩য় পর্যায় প্রকল্পের উদ্যোগে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
গত রবিবার (৭ জুন) সকাল ১১টায় শান্তিরহাটস্থ পোমরা ইউনিয়ন পরিষদের সম্মুখে আয়োজিত এ ক্যাম্পেইনে স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে প্রকল্পের উপজেলা সমন্বয়কারী গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উদ্দেশ্য এবং দিনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে উপস্থিতদের অবহিত করেন। পরে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা তাজ উদ্দিন উপস্থিত সকলকে ক্যাম্পেইনের র্যালি, ভিডিও প্রদর্শনী এবং কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণের আহ্বান জানিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন পোমরা ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য সাকি বড়ুয়া, প্রাক্তন শিক্ষক সাজ্জাদুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ভিডিও প্রদর্শনী শেষে অংশগ্রহণকারীরা গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে নিজেদের মতামত তুলে ধরেন। স্থানীয় বাসিন্দা শেলী আক্তার বলেন, “গ্রাম আদালতের কার্যক্রম যদি সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালিত হয়, তাহলে গ্রামে বিবাদ-বিসংবাদ কমে যাবে এবং উচ্চ আদালতে মামলার সংখ্যাও হ্রাস পাবে।” একইসঙ্গে তিনি গ্রাম আদালতে নিষ্পত্তিযোগ্য মামলার আর্থিক সীমা ৫ লাখ টাকা পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করেন।
পরে গ্রাম আদালত বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে ২০ জনকে পুরস্কৃত করা হয়। পুরস্কারপ্রাপ্ত মোজাহেরুল আজম বলেন, “আজকের এই আয়োজনের মাধ্যমে গ্রাম আদালত সম্পর্কে নতুন করে অনেক কিছু জানতে পেরেছি, যা আমার নিজের এবং প্রতিবেশীদের জন্যও উপকারী হবে। ভবিষ্যতে এ ধরনের অনুষ্ঠান আরও বেশি মানুষের মধ্যে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা সৃষ্টি করবে।”
আয়োজকরা জানান, গ্রাম আদালতের সুবিধা, কার্যক্রম ও সহজ বিচারপ্রাপ্তির সুযোগ সম্পর্কে জনগণকে অবহিত করার লক্ষ্যে এ ধরনের প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তি সহজতর হবে এবং জনগণের মধ্যে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে বলে তারা আশা প্রকাশ করেন।






