নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের রূপনগর এলাকায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, বিদ্যুতের তার চুরি, অটোরিকশা ও অটোরিকশার ব্যাটারি চুরি, গরু চুরি, ছিনতাই এবং চাঁদাবাজির ঘটনায় অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ রয়েছে, উঠতি বয়সী একদল বখাটে কিশোর গ্যাং গড়ে তুলে দিনের আলোতেই বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে গেলেও তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
এ পরিস্থিতির প্রতিবাদে শুকবার (৩ জুলাই) বিকেল ৪টায় স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ও এলাকাবাসীর উদ্যোগে কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
রূপনগর সমাজের সর্দার আবু তাহেরের সভাপতিত্বে এবং এম. শাহ আলম চৌধুরী ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক কোরবান আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিএনপি নেতা আখতার হোসেন মিয়াজি, দক্ষিণ রাঙ্গুনিয়া ওলামা দলের আহ্বায়ক মাওলানা রফিকুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ নাছের, সরফভাটা ইউনিয়ন শহীদ জিয়া পরিষদের সভাপতি দিদার হোসেন বিপ্লব, সরফভাটা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন তালুকদার, ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, রূপনগর সমাজের সাধারণ সম্পাদক শরাফত উল্লাহ মফিজ, বিএনপি নেতা নুরুল হক ও নুর মোহাম্মদ, সমাজসেবী মো. জালাল, মো. সেলিম, ফজল আহমদ এবং প্রবাসী নুরুল আলম।
এ সময় বাবু, নয়ন, তানজু, মহিউদ্দিন, সেকান্দর, সাকিবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি রূপনগর এলাকায় কিশোর গ্যাংয়ের তৎপরতা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। তাদের চাঁদাবাজি, ছিনতাই, চুরি ও বখাটেপনায় কৃষক, শ্রমিক, প্রবাসী, ব্যবসায়ী এবং চাকরিজীবী—কেউই নিরাপদ নন। এসব অপরাধের প্রতিবাদ করায় সম্প্রতি প্রবাসী এমদাদুল ইসলাম, মো. হারুন ও মো. ইউছুফকে বেধড়ক মারধর করে রক্তাক্ত করা হয়েছে বলে অভিযোগ করেন তারা।
বক্তারা আরও বলেন, এ ঘটনার পর এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন এবং মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছেন। তারা দ্রুত অপরাধীদের আইনের আওতায় এনে এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন। একই সঙ্গে স্থানীয় সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী ও পুলিশ প্রশাসনের প্রতি কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।






