নিউজ ডেস্ক:: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের সুখবিলাস নার্সারি পাড়া এলাকায় শিলক খালের ওপর নির্মিত একমাত্র কাঠের সেতুটি পাহাড়ি ঢলের প্রবল তোড়ে ভেঙে গেছে। এতে প্রায় ২৫০টি পরিবারের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থী, রোগী, নারী, শিশু ও কর্মজীবী মানুষ।
স্থানীয় সূত্রে জানা যায়, টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে শিলক খালে পানির স্রোত অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেলে কাঠের তৈরি সেতুটি ভেঙে ভেসে যায়। ফলে এলাকাবাসীর একমাত্র চলাচলের পথ বন্ধ হয়ে যায়। জরুরি প্রয়োজনে মানুষকে এখন ঝুঁকি নিয়ে বিকল্প পথে চলাচল করতে হচ্ছে।
এ বিষয়ে স্থানীয় যুবদল নেতা জহির উদ্দিন বাবর বলেন, “মাননীয় সংসদ সদস্য জনাব হুমাম কাদের চৌধুরীর নির্দেশনায় আমরা সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করছি। সেতু ভেঙে যাওয়ার বিষয়টি অত্যন্ত মানবিক একটি সংকট। আমরা ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছি। দ্রুত অস্থায়ী চলাচলের ব্যবস্থা এবং স্থায়ী একটি টেকসই সেতু নির্মাণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের দাবি জানাচ্ছি। মানুষের দুর্ভোগ কমাতে আমরা সবসময় মাঠে আছি এবং থাকব।”
এলাকাবাসীও দ্রুত একটি অস্থায়ী সেতু নির্মাণ এবং স্থায়ীভাবে একটি টেকসই সেতু নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।





