নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের দুধ পুকুরিয়া এলাকায় ব্রাদার্স সোসাইটি ও স্থানীয় এলাকাবাসীর যৌথ উদ্যোগে আহলে বায়তে রাসূল (সা.)-এর স্মরণে পবিত্র শোহাদা-এ কারবালা মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দুধ পুকুরিয়া টাওয়ার সংলগ্ন স্থানে আয়োজিত এ মাহফিলে এলাকার ধর্মপ্রাণ মুসল্লিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে কারবালার শিক্ষা, হযরত ইমাম হোসাইন (রা.) ও আহলে বায়তের ত্যাগ, সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থাকার গুরুত্ব তুলে ধরে আলোচনা ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলের উদ্বোধন করেন হাফেজ মাওলানা মুহাম্মদ জাকের আহমদ জিহাদি। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমেদ্বীন হযরতুল আল্লামা মাওলানা মো. আবুন নুর মোহাম্মদ হাচ্ছান বিন নূরী।
প্রধান ওয়ায়েজ হিসেবে বক্তব্য রাখেন উদীয়মান তরুণ বক্তা হযরতুল আল্লামা মাওলানা মুহাম্মদ রবিউল হাসান দায়েমী। এছাড়াও বিশেষ বক্তা হিসেবে মাওলানা মুহাম্মদ সালাউদ্দিন আল কাদেরী, মাওলানা মুহাম্মদ তারেকুল ইসলাম আল কাদেরী, মাওলানা মুহাম্মদ আরফাত রেজা কাদেরী, মাওলানা মুহাম্মদ এনামুল হক কাদেরী, মাওলানা মুহাম্মদ রবিউল হাসান কাদেরী এবং মাওলানা মুহাম্মদ নয়ন কাদেরী গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি জনাব মো. আব্দুল জলিল মেম্বার। সভাপতিত্ব করেন দুধ পুকুরিয়া হাজী লাল মিয়া তালুকদার জামে মসজিদের সভাপতি জনাব মুহাম্মদ ইসহাক তালুকদার।
মাহফিলে বক্তারা কারবালার চেতনা ধারণ করে সমাজে শান্তি, সম্প্রীতি, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।







