নিউজ ডেস্ক: টানা বর্ষণ, বন্যা ও পাহাড়ধসে ক্ষতবিক্ষত রাঙ্গুনিয়ার বিভিন্ন এলাকা পরিদর্শনে গিয়ে অবৈধ বালু উত্তোলনের চিত্র দেখে ক্ষোভ প্রকাশ করেছেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী। দুর্গত মানুষের খোঁজখবর নেওয়ার পাশাপাশি ক্ষয়ক্ষতির বাস্তব চিত্র দেখতে গিয়ে নদীতে অবৈধ ড্রেজার ও নদীর পাড়ে বালুর বিশাল স্তুপ দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে গাড়ি থামিয়ে ঘটনাস্থলে নেমে কঠোর অবস্থান নেন তিনি।
গত কয়েকদিন ধরে এমপি হুমাম কাদের চৌধুরী উপজেলার বিভিন্ন বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন, ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলা এবং ত্রাণ কার্যক্রম তদারকি করে আসছেন। এরই ধারাবাহিকতায় একটি ভাঙনকবলিত এলাকায় গিয়ে তিনি দেখতে পান, নদী থেকে অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন চলছে এবং নদীর তীরে বিপুল পরিমাণ বালু মজুত করে রাখা হয়েছে।
এ দৃশ্য দেখে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং বলেন, “মানুষ যখন বন্যা ও পাহাড়ধসে ঘরবাড়ি হারিয়ে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে, তখন একটি অসাধু চক্র অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করে আরও বড় বিপর্যয়ের ঝুঁকি তৈরি করছে। মানুষের এই দুর্দিনে এমন কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা হবে না।”
ঘটনাস্থলেই তিনি সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন এবং অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড যাতে আর না ঘটে, সে বিষয়ে নিয়মিত নজরদারি জোরদারেরও নির্দেশ দেন।
স্থানীয়রা এমপির এই তাৎক্ষণিক পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে অবৈধ ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলনের কারণে নদীভাঙন ও পরিবেশগত ক্ষতি বেড়েই চলেছে। দুর্যোগের সময়ও এসব কর্মকাণ্ড অব্যাহত থাকায় সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়ছে। তারা অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের ধারাবাহিক অভিযান ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি পরিবেশ ও জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে এমপি হুমাম কাদের চৌধুরীর এই তাৎক্ষণিক অবস্থান স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।





