নিউজ ডেস্ক: টানা বর্ষণ ও শিলক খালের পাহাড়ি ঢলের তীব্র স্রোতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের সুখবিলাস নার্সারী পাড়া এলাকার একমাত্র চলাচলের কাঠের কালভার্টটি ভেসে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন শতাধিক পরিবারের বাসিন্দারা। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ায় শিক্ষার্থী, কৃষক, দিনমজুর, রোগী ও সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী। গত ১৩ জুলাই তিনি ঘটনাস্থলে গিয়ে ভেসে যাওয়া কালভার্ট ও শিলক খালের ভাঙন সরেজমিনে পরিদর্শন করেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের বিষয়টি শোনেন।
পরিদর্শন শেষে এমপি হুমাম কাদের চৌধুরী দ্রুত জনগণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে একটি নতুন পারাপারের কালভার্ট নির্মাণের আশ্বাস দেন। পাশাপাশি ভবিষ্যতে শিলক খালের ভাঙন রোধে খালের তীরে প্রয়োজনীয় স্থানে প্রতিরক্ষামূলক ব্লক নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান।
স্থানীয়রা জানান, কাঠের কালভার্টটিই ছিল নার্সারী পাড়া এলাকার মানুষের একমাত্র যাতায়াতের পথ। পাহাড়ি ঢলের তোড়ে এটি ভেসে যাওয়ার পর থেকে শতাধিক পরিবার কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিশেষ করে শিক্ষার্থী, অসুস্থ রোগী ও কর্মজীবী মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। তাই দ্রুত একটি স্থায়ী ও টেকসই কালভার্ট নির্মাণের পাশাপাশি খালের তীর সংরক্ষণে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হাসান, রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক লায়ন শওকত আলী নুর, চট্টগ্রাম জেলা ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম, দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন আহমেদ, রাঙ্গুনিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) তপন দেওয়ানজী, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য অধ্যাপক ইউনুস চৌধুরী, রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সভাপতি কুতুবউদ্দিন বাহার, বিএনপি নেতা আবদুল জলিল মেম্বার, মাহবুব আলম, যুবদল নেতা জহির উদ্দিন বাবর, নুরুল হুদা আমানসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এমপি হুমাম কাদের চৌধুরীর আশ্বাসে স্থানীয়দের মধ্যে দ্রুত যোগাযোগ ব্যবস্থা পুনঃস্থাপনের আশা তৈরি হয়েছে। তারা দ্রুত কালভার্ট নির্মাণ ও খালের তীরে ব্লক স্থাপনের কাজ শুরু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।






