নিউজ ডেস্ক :“মা, তোকে ওরা মেরেছিল?”— অপহরণের দুই দিন পর উদ্ধার হওয়া সাত বছরের শিশু ওয়াসিফা জান্নাত তাসকিনকে বুকে জড়িয়ে ধরে বারবার এ প্রশ্নই করছিলেন বাবা দেলোয়ার হোসেন। দীর্ঘ দুই দিনের উৎকণ্ঠা, নির্ঘুম রাত, অজানা আশঙ্কা আর পরিবারের অবিরাম কান্নার অবসান ঘটিয়ে আদরের মেয়েকে সুস্থ ও অক্ষত অবস্থায় ফিরে পেয়ে তিনি আবেগে ভেঙে পড়েন।
থানা প্রাঙ্গণে বাবা-মেয়ের সেই হৃদয়বিদারক পুনর্মিলনের দৃশ্য উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে তোলে। সন্তানের মুখে হাত বুলিয়ে দেলোয়ার হোসেন বারবার জানতে চাইছিলেন, “মা, তোকে ওরা মেরেছিল?” বাবার বুকভরা কান্না আর মেয়েকে শক্ত করে জড়িয়ে ধরার সেই মুহূর্তে স্বজনদের চোখেও অশ্রু ঝরে।
এ সময় উপস্থিত পুলিশ সদস্য ও কর্মকর্তারাও আবেগ ধরে রাখতে পারেননি। টানা দুই দিনের শ্বাসরুদ্ধকর অভিযানের পর শিশুটিকে নিরাপদে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিতে পেরে তারাও স্বস্তি প্রকাশ করেন।
দীর্ঘ প্রতীক্ষার পর কন্যাকে ফিরে পেয়ে পরিবারের সদস্যরা মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন এবং শিশুটিকে জীবিত ও সুস্থ অবস্থায় উদ্ধারে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।
থানা প্রাঙ্গণের সেই আবেগঘন মুহূর্তটি উপস্থিত সবার হৃদয়ে নাড়া দেয়। উৎকণ্ঠা, কান্না আর অপেক্ষার অবসান ঘটিয়ে বাবা-মেয়ের এই পুনর্মিলন যেন মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত হয়ে স্মরণীয় হয়ে থাকে।







