নিউজ ডেস্ক: রাঙ্গুনিয়া: চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ৫৩ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ।
শনিবার (২৫ জুলাই) দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, দক্ষিণ রাঙ্গুনিয়া থানার মামলা নং-৭, তারিখ ২৫ জুলাই ২০২৬, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২৫) এর ৯(৪)(খ) ধারায় দায়ের করা মামলায় অভিযুক্ত মো. আব্দুল হাকিম (৫৩)-কে গ্রেপ্তার করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম-এর দিকনির্দেশনায়, রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন, পিপিএম-এর তত্ত্বাবধানে এবং দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হিলাল উদ্দীন আহমেদ-এর নেতৃত্বে কোদালা ইউনিয়নে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি তার নানির কাছে বসবাস করে। শিশুটির বাবা দীর্ঘদিন ধরে নিখোঁজ এবং মানসিক রোগে আক্রান্ত বলে পরিবারের দাবি। অন্যদিকে মা দ্বিতীয় বিয়ে করে চট্টগ্রাম শহরে বসবাস করেন। অভিযুক্ত ব্যক্তি শিশুটির নানির ছোট বোনের স্বামী হওয়ায় পারিবারিকভাবে তাদের বাড়িতে যাতায়াত ছিল।
অভিযোগে বলা হয়েছে, গত ২০ জুলাই দুপুরে শিশুটির নানি পাশের বাড়িতে গেলে অভিযুক্ত ওই সুযোগে বাড়িতে প্রবেশ করে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় প্রতিবেশী এক কিশোরী ঘরে প্রবেশ করলে পরিস্থিতি দেখে চিৎকার শুরু করে। পরে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ঘটনাটি স্থানীয়ভাবে জানাজানি হলে ভুক্তভোগীর নানি দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হিলাল উদ্দীন আহমেদ জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।





