নিউজ ডেস্ক: চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া উপজেলার কাটাখালী তক্তারপুল এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মো. রাসেল (২৩) নামে এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় বাসের ধাক্কায় তার ডান পা উরু থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, যা ঘটনাস্থলে উপস্থিত লোকজনকে শোকাহত করে।
নিহত রাসেল রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার ২নং রাইখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের লেমুছড়ি পাড়ার বাসিন্দা এবং বর্তমান ইউপি সদস্য শেখ মোহাম্মদ নাছের মেম্বারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামমুখী লাল-সবুজ পরিবহনের একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে রাসেল গুরুতর আহত হন। দুর্ঘটনার আঘাতে তার ডান পা উরু থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।
দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।






