নিউজ ডেস্ক: চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ায় পুলিশের কৌশলী অভিযানে ২টি একনলা বন্দুকসহ একটি সিএনজি জব্দ করা হয়েছে। এ ঘটনায় সিএনজি চালকসহ ৩ জন আসামি পালিয়ে গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস)-এর সার্বিক দিকনির্দেশনায় দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ হিলাল উদ্দীন আহমেদের নেতৃত্বে গত ১০ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯টার দিকে ফকিরটিলা এলাকায় চেকপোস্ট পরিচালনা করা হয়।
এ সময় একটি সিএনজিকে থামানোর জন্য সিগন্যাল দেওয়া হলে গাড়িতে থাকা ব্যক্তিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পাশের একটি সড়ক দিয়ে দ্রুত পালানোর চেষ্টা করে। পরে তারা সিএনজি ফেলে পাহাড়ি এলাকার অন্ধকারে ছড়িয়ে পড়ে পালিয়ে যায়।
পরে পুলিশ ঘটনাস্থলে ফেলে যাওয়া সিএনজিটি তল্লাশি করে ২টি একনলা বন্দুক উদ্ধার করে এবং সিএনজিসহ জব্দ তালিকাভুক্ত করে।
স্থানীয়দের মাধ্যমে সিএনজি চালককে শনাক্ত করা হয়েছে। তিনি মোঃ মিনহাজ (৩২), পিতা মৃত বাচা আহাম্মদ, মাতা শেলু আক্তার, গ্রাম ফকিরটিলা, পূর্ব খুরুশিয়া, ৭ নম্বর ওয়ার্ড, ১০ নম্বর পদুয়া ইউনিয়ন, দক্ষিণ রাঙ্গুনিয়া, চট্টগ্রামের বাসিন্দা।
বর্তমানে সিএনজি চালকসহ অজ্ঞাতনামা আরও ২ জন আসামি পলাতক রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ হিলাল উদ্দীন আহমেদ জানান, পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।







